বেলফাস্টে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। তৃতীয় ওয়ানডের এই জয়ে ৫০ ওভারের বিশ্বকাপে টানা চতুর্থবারের মতো জায়গা করে নিল আফগানরা। অন্যদিকে, আফগানিস্তানের এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেছে এবং তাদের বাছাইপর্বে অবনমন হওয়া প্রায় নিশ্চিত।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপের দুই স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। বাকি দলগুলোর মধ্যে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দলের মধ্যে আফগানিস্তান ছাড়াও রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

র‍্যাঙ্কিংয়ের বর্তমান অবস্থানে ১০২ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আর ৬৩ রেটিং নিয়ে একাদশ স্থানে আছে জিম্বাবুয়ে। আগামী সেপ্টেম্বরের মধ্যে এই দুই দলেরই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি করে ওয়ানডে ম্যাচ রয়েছে। তবে এই ম্যাচগুলোতে প্রোটিয়ারা হারলে কিংবা জিম্বাবুয়ে জিতলেও তাদের শীর্ষ আটের ভেতরে বা বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। স্বাগতিক হিসেবে তাদের অংশগ্রহণ আগে থেকেই নিশ্চিত।

এদিকে, বর্তমানে ৯১ রেটিং নিয়ে র‍্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে অবস্থান করছে আফগানিস্তান। ৮৩ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ এবং ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৩০ সেপ্টেম্বরের আগে ক্যারিবীয়দের মাত্র দুটি ওয়ানডে ম্যাচ বাকি রয়েছে। অন্যদিকে, ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ যদি তিন ম্যাচেই হেরে যায় এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের বাকি দুই ম্যাচে জয় পায়, তবে র‍্যাঙ্কিংয়ের সমীকরণে পরিবর্তন আসতে পারে।

যেসব দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না, তাদের আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাছাইপর্বে অংশ নিতে হবে।