বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।
গত ৬ আগস্ট সরকার পিএসসির নতুন সদস্য হিসেবে যাদের নিয়োগ দিয়েছিল, তারা হলেন ড. মো. ফেরদৌস হোসেন, মোহাম্মদ আলী, মো. নজরুল ইসলাম এবং ইয়াসমিন গফুর।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে তাদের এই সাংবিধানিক পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তারা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই চার নতুন সদস্যের যোগদানের ফলে বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।