রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করার ওপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। দেশের মানুষকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর সংক্রান্ত। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা সমান জরুরি। এ লক্ষ্যে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে একদিকে যেমন কর্মসংস্থান ও জীবনের নিশ্চয়তা তৈরি হবে, অন্যদিকে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে।
সরকারপ্রধান বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে সবাই বর্তমানের চেয়ে ভালো অবস্থায় থাকবে। বিদেশি বিনিয়োগের ওপর গুরুত্বারোপের পাশাপাশি তিনি দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ অবশ্যই আসবে এবং সরকার সেটি চায়, তবে নিজস্ব উদ্যোক্তাদের ব্যবসায়িক নীতি সহায়তা দেওয়া সরকারের দায়িত্ব। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সুযোগ তৈরি করাই সরকারের মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।
তিনটি মিলের দায়িত্ব গ্রহণকারী দুই ব্যবসায়ী গ্রুপকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নতুন বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সফল হবে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা বক্তব্য রাখেন। এছাড়া বিজেএমসি ও সংশ্লিষ্ট লিজ নেওয়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।