সাভারের আশুলিয়াস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ক্যাম্পাসে আয়োজিত তিন দিনব্যাপী ‘ডিআইইউ বইমেলা ২০২৬’ সফলভাবে শেষ হয়েছে। ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের স্টুডেন্ট লাউঞ্জে আয়োজিত এই মেলাটি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে মুখর ছিল। মেলা চলাকালীন প্রতিদিন ৭ হাজারেরও বেশি দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরি ও ডিআইইউ প্রেসের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় মেলাটি আয়োজন করা হয়। এবারের মেলায় দেশের স্বনামধন্য ২১টি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের বই প্রদর্শন ও বিক্রি করেছে। মেলাটির অফিসিয়াল স্পন্সর ছিল ইউজিসির বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN)।

গত ৯ আগস্ট ডিআইইউর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, BdREN-এর প্রতিনিধি এবং বিশিষ্ট লেখকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং প্রকাশকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল এই বইমেলা। স্টলগুলোতে বাংলা ও ইংরেজি ভাষার সাহিত্য, উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ এবং একাডেমিক ও গবেষণাধর্মী বইয়ের সমাহার ছিল। শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ তৈরি ও নিয়মিত পাঠাভ্যাসের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, একটি সৃজনশীল ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার গুরুত্ব অপরিসীম। একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাস শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে সমৃদ্ধ করে। এবারের মেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ক্যাম্পাসে পাঠচর্চার প্রতি তাদের গভীর আগ্রহের বহিঃপ্রকাশ। শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।