জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টরের পদে নতুন দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায়, তার অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. মো. আজম খান প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। আগামী ১২ আগস্ট থেকে এই আদেশ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক মোটরযান ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক আজম খান বলেন, বর্তমান প্রক্টর অসুস্থ থাকায় তাকে এক প্রকার জোর করেই এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, এই পদে বেশি দিন থাকা তার পক্ষে সম্ভব নয়, কারণ এখানে অনেক গুরুদায়িত্ব রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিস আদেশটি সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে ইতিমধ্যে পাঠানো হয়েছে।