ইতালির সিসিলি দ্বীপের উপকূলে সমুদ্রের তলদেশে প্রায় ২ হাজার বছরের পুরোনো একটি প্রাচীন রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। ইতালির সংস্কৃতি মন্ত্রণালয় গত ৮ আগস্ট এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। জাহাজটি সিসিলির পশ্চিম উপকূলে মাজারা দেল ভায়ালো শহর থেকে প্রায় তিন মাইল দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৬ মিটার গভীরে অবস্থিত। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, জাহাজটির দৈর্ঘ্য প্রায় ২১ মিটার এবং প্রস্থ ৬ মিটার।

ডুবুরি জিয়াকোমো দে মোলা ও ইগর বিসুল্লি এই ধ্বংসাবশেষটি খুঁজে পান। শুরুতে স্ক্যানিং যন্ত্রে জায়গাটিকে সাধারণ পাথুরে এলাকা বলে মনে হলেও, দে মোলার অনুসন্ধিৎসু দৃষ্টিতে এটি প্রাচীন জাহাজের কাঠামো হিসেবে ধরা পড়ে। জাহাজটি খ্রিস্টপূর্ব প্রথম থেকে দ্বিতীয় শতকের মাঝামাঝি কোনো এক সময়ে ডুবে গিয়েছিল বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

জাহাজটির ভেতরে বিপুল পরিমাণে 'ড্রেসেল ১এ' ধরনের অ্যাম্ফোরা পাওয়া গেছে। দুই হাতলযুক্ত মাটির এই পাত্রগুলো মূলত মদ সংরক্ষণ ও পরিবহনের কাজে ব্যবহৃত হতো এবং প্রতিটি পাত্রে প্রায় ২০ লিটার পর্যন্ত তরল ধারণের ক্ষমতা ছিল। সমুদ্রতলের দৃশ্যমান ছবি ও ভিডিওতে পাত্রগুলোকে স্তূপাকারে পড়ে থাকতে দেখা গেছে।

সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক ও লেখক ডেভিড গিবিনস এই আবিষ্কারকে অসাধারণ বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, জাহাজটি সম্পূর্ণ তুলে আনার চেয়ে সমুদ্রের তলদেশেই সংরক্ষণ করা যুক্তিসঙ্গত হতে পারে। সীমিত খনন কার্যের মাধ্যমে জাহাজের কাঠামো এবং পাত্রে থাকা প্রাচীন লেখা বা মদের অবশিষ্টাংশ থেকে এর উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব। প্রত্নতাত্ত্বিকদের প্রত্যাশা, এই জাহাজটি রোমান প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যে রূপান্তরের সময়কার ভূমধ্যসাগরীয় বাণিজ্য ও অর্থনীতির অজানা ইতিহাস উন্মোচনে সহায়ক হবে।