লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে দায়িত্ব পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি চীনের শেনজেন ফিউচার অ্যাক্সেস টেকনোলজি কোম্পানি লিমিটেডের সঙ্গে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্র্যান্ডের সকল ধরনের গ্যাজেট ও স্মার্ট অ্যাক্সেসরিজ পৌঁছে দেবে স্মার্ট টেকনোলজিস।
প্রাথমিক পর্যায়ে বাজারে স্মার্টওয়াচ, ইয়ারবাড, স্পিকার এবং হেডফোনের মতো পণ্যগুলো পাওয়া যাবে। তবে ভবিষ্যতে আরও আধুনিক লাইফস্টাইল গ্যাজেট নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। স্মার্ট টেকনোলজিসের হাইফিউচার বিজনেস হেড মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, গত চার বছরে হাইফিউচার বিশ্বের ৯০টি দেশে তাদের ব্যবসার প্রসার ঘটিয়েছে। উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজাইন এবং প্রতিযোগিতামূলক দামের সমন্বয়ে ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারেও বেশ জনপ্রিয়তা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পণ্য বিতরণের ক্ষেত্রে স্মার্ট টেকনোলজিসের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করা হবে, যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের বিভিন্ন আইটি ও ইলেকট্রনিক্স শোরুম এবং মার্কেটে হাইফিউচারের পণ্যগুলো পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার্থে প্রতিটি পণ্যের সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হয়েছে।