প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ তার নির্বাচনি এলাকার জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। এই কর্মসূচির অংশ হিসেবে তিনি আগামী বুধবার (১২ আগস্ট) ঢাকা-১৩ আসনের বাসিন্দাদের আমন্ত্রণে তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে চায়ের আড্ডায় অংশ নেবেন। ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ শীর্ষক এই আয়োজনের মাধ্যমে তিনি প্রথাগত রাজনৈতিক সভা বা আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জনগণের কাছে জনপ্রতিনিধিকে নিয়ে যাওয়া, যাতে সাধারণ মানুষকে আর কষ্ট করে জনপ্রতিনিধির কাছে যেতে না হয়। এই চায়ের আড্ডার মধ্য দিয়ে তিনি এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা সরাসরি শুনবেন এবং তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন। প্রতিমন্ত্রী মনে করেন, জনপ্রতিনিধিত্ব কেবল সংসদ বা অফিসের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং মানুষের কাছে গিয়ে তাদের জীবনযাপন দেখা এবং তাদের কথা শোনা জরুরি।
ঢাকা-১৩ আসনের বাসিন্দারা অনলাইনে আমন্ত্রণ জানিয়ে প্রতিমন্ত্রীকে তাদের বাসায় চায়ের আড্ডায় আমন্ত্রণ জানানোর সুযোগ পাচ্ছেন। ববি হাজ্জাজ আশা করছেন, এই ধরনের অনানুষ্ঠানিক আড্ডায় এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে যা আনুষ্ঠানিক বৈঠকে আলোচনা করা সম্ভব হয় না। তিনি জানান, এলাকার প্রতিটি মানুষের মতামত ও পরামর্শ তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই কর্মসূচিতে শিক্ষা, যোগাযোগ, গ্যাস-পানি-বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও তরুণদের কর্মসংস্থানসহ স্থানীয় বিভিন্ন নাগরিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। ঢাকা-১৩ এলাকাকে আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।