বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে ৯৩টি নিবন্ধিত ক্লাবকে আনুষ্ঠানিক নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে ফেডারেশনের নবসজ্জিত অফিস কক্ষেরও শুভ উদ্বোধন সম্পন্ন হয়। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই কার্যক্রমগুলো সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান, এনডিসি। বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু। এছাড়া ফেডারেশনের সহ-সভাপতি এস এম শহিদুল হক ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেলও বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে দেশে উশু খেলার প্রসার এবং তৃণমূল পর্যায়ে এর বিস্তারে নিবন্ধিত ক্লাবগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সুশৃঙ্খল ও কার্যকর ক্লাব ব্যবস্থাপনার মাধ্যমে দেশের উশু অঙ্গন আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সাফল্য অর্জনের পথ সুগম হবে।
ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া এই নিবন্ধন সনদ প্রদানকে ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি উশু খেলার সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ৯৩টি নিবন্ধিত ক্লাবের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন জেলা ও ক্লাবের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং উশু অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।