মাদারীপুরের কালকিনিতে প্রকাশ্যে মাদক সেবন ও কেনাবেচায় বাধা দেওয়ার জেরে একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে একটি স্থানীয় সন্ত্রাসী চক্র। উপজেলার চরদৌলতখান (সিডিখান) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঢাকিকান্দি গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন ঢাকিকান্দি গ্রামের আব্দুস ছালাম মোল্লার দুই ছেলে আবু তালেব মোল্লা (৩০) ও মোতালেব মোল্লা (২৫) এবং একই এলাকার রশিদ মোল্লার ছেলে রাজিব মোল্লা (২৩)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, চরদৌলতখান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাথাভাঙা এলাকার মৃত দেলোয়ার মোল্লার ছেলে কবির মোল্লা (৩৫), হুমায়ুন মোল্লা (৩৩), হাসু মোল্লা (৩৮) ও খবির মোল্লা (৩০) এবং খালেক মোল্লার ছেলে আনোয়ার মোল্লাসহ অন্তত ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। হামলাকারীরা রামদা ও চাপাতি দিয়ে আহতদের হাত, পা ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আক্রান্তদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে দ্রুত ঢাকায় পাঠানো হয়। আহতদের পরিবারের সদস্যদের দাবি, স্থানীয় আব্দুল মান্নান মোল্লার প্রত্যক্ষ মদদ ও হুকুমেই এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে।
হামলার খবর পেয়ে কালকিনি থানার সেকেন্ড অফিসার জোবায়ের হোসেন ও এসআই বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কালকিনি থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।