আইএল টি-টোয়েন্টির আসন্ন আসরের জন্য বাংলাদেশ দলের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। টানা দ্বিতীয়বারের মতো এই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন তিনি। গত মৌসুমে প্রথমবারের মতো দলটির হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। সেই আসরে ৮ ম্যাচ খেলে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন এই কাটার মাস্টার। যদিও তার দুর্দান্ত পারফরম্যান্সের পরেও দুবাই ক্যাপিটালস এলিমিনেটর থেকে বিদায় নিয়েছিল। ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ডেজার্ট ভাইপার্স।
গত ৮ আগস্ট দুবাই ক্যাপিটালস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বোলারের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করে। সেখানে বোলারের নাম বা ছবি প্রকাশ না করে ক্যাপশনে লিখেছিল, "ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেওয়া দক্ষিণ এশিয়ার এক বাঁ-হাতি বোলার।" এরপর থেকেই সমর্থকরা কমেন্টে মুস্তাফিজের নাম উল্লেখ করতে শুরু করেন। অবশেষে আনুষ্ঠানিকভাবে আসন্ন আসরের জন্য ধরে রাখা ও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলে মুস্তাফিজের নাম নিশ্চিত হওয়া যায়। এছাড়া দুবাই ক্যাপিটালস অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের নূর আহমেদের সাথে সরাসরি চুক্তি করেছে।
এদিকে, নিলামের আগে অন্য দুই বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো। গত আসরে শারজাহ ওয়ারিয়র্স হয়ে খেলা তাসকিন ৬ ম্যাচে ৯ উইকেট এবং এমআই এমিরেটস হয়ে খেলা সাকিব ১১৫ রান ও ৩ উইকেট সংগ্রহ করেছিলেন। আগামী ১ অক্টোবর দুবাইয়ে আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হবে ২২ নভেম্বর এবং চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।