শার্শায় পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, ১৪ বছরের কিশোরী উদ্ধার
মোঃ মিলন হোসেন : যশোর শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামি নূর মোহাম্মাদ বাবু (২১)-কে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। পরে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার ১৪ বছর বয়সী ভিকটিম সাহারা আফরিন ফারহানাকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ আগস্ট ২০২৬ রাত ৭টা ১৫ মিনিটে শার্শা থানার এসআই (নিঃ) শেখ মোঃ জাহিদুল আলম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় শার্শা থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শার্শা থানার এফআইআর নং-১৮, তারিখ ১১ আগস্ট ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারার মামলার এজাহারনামীয় আসামি নূর মোহাম্মাদ বাবুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) শার্শা উপজেলার চান্দুরিয়ার ঘোপ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আশরাফুল।
পুলিশ জানায়, আসামিকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার ভিকটিম সাহারা আফরিন ফারহানা (১৪)-কে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরীর স্থায়ী ঠিকানা বেনেখড়ি এবং বর্তমান ঠিকানা চটকাপোতা, শার্শা, যশোর।
শার্শা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলার প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া ভিকটিমকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের এ বিশেষ অভিযানে দ্রুত সময়ের মধ্যে মামলার আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারের ঘটনাকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।