প্রায় এক দশক ধরে একসঙ্গে বসবাস করার পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছিল। সেই আমন্ত্রণপত্রগুলোতে দাবি করা হয়েছিল যে, রোনালদো ও তার সঙ্গী শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। রোনালদো অবশ্য অতীতে একাধিকবার বলেছিলেন যে, তারা দুজন যখন মনে করবেন উপযুক্ত সময় এসেছে, তখনই বিয়ে করবেন।

চারপাশের একের পর এক গুঞ্জন সত্ত্বেও তারা প্রায় এক দশকের মতো সময় ধরে একসঙ্গে রয়েছেন। ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো তার বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি নিয়ে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, কোনো বিলাসবহুল ভ্রমণ কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং গভীর রাতে একেবারেই সাধারণ একটি পরিবেশে তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

রোনালদোর ভাষ্যমতে, সেদিন এক বন্ধুর কাছ থেকে আংটি হাতে পাওয়ার পর তিনি আর অপেক্ষা করতে চাননি। সঙ্গে সঙ্গেই তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। ঠিক সেই সময় তাদের দুই সন্তান ঘরে ঢুকে পড়ে এবং অপ্রত্যাশিতভাবে জীবনের সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে যায়।