কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি ও পলায়নের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচজন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
বরখাস্তের তালিকায় থাকা অন্য চার কর্মকর্তা হলেন—মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস এবং মো. ইকবাল হোসাইন। এদের মধ্যে রাজন কুমার দাস বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় পলাতক রয়েছেন। অন্যদিকে, মো. ইকবাল হোসাইনও সাময়িকভাবে বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে বরখাস্তের মতো গুরুদণ্ড দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে।