শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির সব আইনি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি জানিয়েছেন, ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান এবং মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শেষে রামিসা হত্যা মামলার শুনানি শুরু হবে।
এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মামলাটিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বা স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দিয়েছিলেন। ওই আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।