খুলনার রূপসায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবকদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফখরুল উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের মোমিন শেখের ছেলে এবং স্থানীয় যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য ফখরুল মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন। আনুমানিক রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত ইটভাটায় ঢুকে ফখরুলকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ ফখরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে; একটি গুলি ঘাড়ে এবং অন্যটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়।

রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, ফখরুলের পরিবার সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই ফরহাদ শেখ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১: ৫৬আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১১: ৫৯