সিলেট নগরীর একটি আবাসিক এলাকার বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহপরিচারিকাসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে এই মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিতালি আবাসিক এলাকার ওই বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া এলাকায় একজন মুরুব্বি হিসেবে পরিচিত। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে রয়েছেন সাত্তার মিয়া, তার স্ত্রী এবং তাদের গৃহপরিচারিকা। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

একই বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তারা এ ধরনের একটি খবর পেয়েছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।