দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। তবে এই সিরিজ মাঠে গড়ানোর আগেই বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে বেশ সতর্ক অবস্থান নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টাইগারদের একেবারেই সহজ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছেন না তিনি।
ম্যাচের আগের দিন আয়োজিত সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক জানান, বাংলাদেশের বিপক্ষে একটি কঠিন লড়াইয়ের জন্য তারা প্রস্তুত হচ্ছেন। কামিন্স বলেন, ‘আমার মনে হয় না, আমি কখনো সহজ কোনো টেস্ট ম্যাচ খেলেছি। তাই বাংলাদেশও শক্ত প্রতিপক্ষ হবে বলেই আমার ধারণা। আমাদের কয়েকজন ক্রিকেটারের বিপক্ষে তাদের কয়েকজন খেলোয়াড়কে আমরা আসলে খুব একটা দেখিনি। ফলে টেস্ট শুরু হওয়ার আগে কিছুটা অজানাও থেকে যাবে।’
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্য ও অগ্রগতিও কামিন্সের নজর এড়ায়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত কয়েক বছরে তারা বেশ কিছু বড় জয় পেয়েছে এবং দলে বেশ কিছু ভালো প্রতিভা রয়েছে। তাই আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে।’ বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি নন তিনি। তবে বড় মঞ্চে বাংলাদেশকে মোকাবিলা করার সময় সবসময়ই বাড়তি সতর্ক থাকতে হয় বলে মনে করেন তিনি।
টাইগারদের শক্তিমত্তা নিয়ে কামিন্স আরও যোগ করেন, ‘এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। হয়তো কয়েক সপ্তাহ পর আমাকে জিজ্ঞেস করলে আরও ভালোভাবে বলতে পারব। তবে আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে আপনি কিছুটা নার্ভাস থাকবেন, কারণ তাদের দলে বেশ কিছু বড় মাপের খেলোয়াড় রয়েছে।’
এছাড়া ডারউইনের উইকেট নিয়ে নিজের মূল্যায়নে অজি অধিনায়ক জানান, এখানকার পিচ ব্যাটিংয়ের জন্য বেশ উপযোগী হতে পারে, তবে পেসারদের জন্যও থাকবে বাড়তি সুবিধা। কামিন্সের ভাষায়, ‘উইকেটটা সত্যিই ভালো মনে হচ্ছে। দেখতে ও স্পর্শে বেশ শক্ত মনে হয়েছে। গত বছর এখানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের একটি ম্যাচ হয়েছিল এবং সেটি বেশ ভালো ব্যাটিং উইকেট ছিল, তবে পেস ও বাউন্সও ছিল।’