ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা রেলপথ অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এই অবরোধ শুরু হলে জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর যমুনা ট্রেনটি আটকা পড়ে।
স্থানীয়দের দাবি, মশাখালী একটি গুরুত্বপূর্ণ স্টেশন হওয়া সত্ত্বেও সেখানে যমুনা এক্সপ্রেসের কোনো স্থায়ী যাত্রাবিরতি নেই। এর ফলে মশাখালী ও আশপাশের এলাকার মানুষ ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা গত ১০ থেকে ১২ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনকারীদের মতে, স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি থাকলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা উপকৃত হবেন।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপে আন্দোলনকারীদের রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। প্রায় এক ঘণ্টা অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে যমুনা ট্রেনটি ঢাকার উদ্দেশে মশাখালী স্টেশন ত্যাগ করে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের বুঝিয়ে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।