ভারতের উত্তর প্রদেশের বুলন্দ শহরে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের একটি পাইলট প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। বর্তমানে প্রতিদিন এই প্রকল্পের আওতায় প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার ২০ রুপি দরে এটি কেনার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে এবং কৃষকদের অতিরিক্ত আয়ের পথ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং দুধ না দেওয়া অনুৎপাদনশীল গরুর রক্ষণাবেক্ষণে সহায়তা করাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। এই কার্যক্রম পরিচালনার জন্য বুলন্দ শহরের ১৫টি গ্রামে ইতোমধ্যে ২০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন বিশেষ ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে।

এই প্রকল্পে স্থানীয় প্রায় ৩০০ নারীকে যুক্ত করে তাদের এফপিও-এর অংশীদার করা হয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতা করার জন্য এই নারীরা প্রতি লিটারে দুই রুপি করে কমিশন পাচ্ছেন। সংগৃহীত এই গোমূত্র কৃষিকাজে রাসায়নিক সারের বিকল্প ও অন্যান্য কৃষি-উপকরণ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে। পাইলট প্রকল্পটি সফল হলে পুরো রাজ্যজুড়ে এটি চালু করতে একটি পৃথক নীতিমালা তৈরি করবে আদিত্যনাথ প্রশাসন।

এদিকে সরকারের এই অভিনব উদ্যোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি) এই প্রকল্পকে একটি ‘কেলেঙ্কারি’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের অভিযোগ, মূলত নির্বাচনি তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। তবে এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। তাদের দাবি, সরকারের যেকোনো উন্নয়নমূলক কাজের বিরোধিতা করাই সমাজবাদী পার্টির অভ্যাসে পরিণত হয়েছে।

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৪: ৪২আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৪: ৪৮