সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজীকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলামকে আটক করে পুলিশ। মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি ছিলেন। অন্যদিকে, রফিকুল ইসলাম চেক ডিজঅনারের মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানার সাজা ভোগ করছিলেন।
ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়লে সেই সুযোগে মোট ৮৭ জন বন্দি পালিয়ে যান। মোজাম ও রফিকুল সেই ৮৭ জনের মধ্যে ছিলেন। কারাগার থেকে পালিয়ে তারা আত্মগোপনে চলে যান এবং নিজ নিজ এলাকায় অবস্থান করছিলেন। দীর্ঘদিন পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ এই অভিযান পরিচালনা করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এই দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এছাড়াও পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কারাগার থেকে ৮৭ বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় ১৫ আগস্ট একটি মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে মোট ৪৬ জন গ্রেপ্তার হয়েছেন এবং এখনো ৪১ জন পলাতক রয়েছেন।