স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে সর্বোচ্চ ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মোট ২ জন এবং রাজশাহী বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও একজনের প্রাণহানি ঘটেছে।
একই সময়ে দেশে নতুন করে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৪১ জনের শরীরে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে গত একদিনে মোট ১ হাজার ২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ লক্ষ্য করা গেছে।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৮৬ জন হামের উপসর্গ নিয়ে এবং ৯৯ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সময়ের মধ্যে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনের শরীরে রোগের উপসর্গ শনাক্ত হয়েছে এবং মোট ১৭ হাজার ৪৬৯ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
চিকিৎসা ব্যবস্থার বিষয়ে অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।