ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শ্যালোচালিত আলমসাধু উল্টে আমিনুর রহমান (২৫) নামের এক মাছ বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে মহেশপুর উপজেলার নোয়ানীপাড়া সস্তার বাওড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া নলবিলপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বিকেলে মাছ বিক্রি শেষে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন আমিনুর। পথে নোয়ানীপাড়া সস্তার বাওড় সংলগ্ন সড়কের একটি ভাঙা অংশে পৌঁছালে তিনি যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় আলমসাধুটি ছিটকে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই আমিনুরের মৃত্যু হয়।
মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।