চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জেরে নুপুর কর্মকার (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (১২ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নুপুর ওই এলাকার খোকা কর্মকারের মেয়ে এবং আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল। সে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, নুপুর পড়াশোনায় বেশ মনোযোগী ছিল। তবে এবারের এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে সে অকৃতকার্য হয়। মোবাইল ফোনে ফলাফল দেখার পর থেকেই সে মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়ে। গত দুই দিন ধরে সে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিল। ফলাফল প্রকাশের পর পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে এই পথ বেছে নেয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে এমন খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।