ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব তরুণদের বেশি: ফরিদা আখতার
ঢাকা:
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ডিগ্রি অর্জন করাই তরুণদের জীবনের শেষ দায়িত্ব নয়। সমাজের একটি বড় অংশ এখনো উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থাকায় শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব আরও বেশি।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে ঢাকার সেনানিবাসস্থ সেনাপ্রাঙ্গণে বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মনোনীত সমাবর্তন সভাপতি হিসেবে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, ২০২৪ সালে দেশের তরুণ প্রজন্ম অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বাংলাদেশকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরেছে। তবে শুধু ব্যক্তি পরিবর্তন নয়, টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, এই নির্বাচন আগের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। এখানে তরুণদের দায়িত্ব শুধু সরকার গঠনে সীমাবদ্ধ নয়; রাষ্ট্র পরিচালনার নীতি ও কাঠামো নির্ধারণেও তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে উঠে আসা সংস্কারের প্রত্যাশা বাস্তবায়নে সরকার গণভোটের উদ্যোগ নিয়েছে। ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে জনগণ সরাসরি সংস্কার বিষয়ে মত প্রকাশের সুযোগ পাবে।
সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, শিক্ষাকে ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগাতে হবে। তবেই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।