স্পেনের ছোট গ্রামগুলো সাধারণত নিরিবিলিই থাকে, কিন্তু গত বুধবার এক বিরল মহাজাগতিক ঘটনাকে কেন্দ্র করে সেখানে মানুষের ঢল নামে। আকাশ পর্যবেক্ষণে আগ্রহীরা বিশেষ চশমা, দূরবিন ও ক্যামেরা নিয়ে দূরদূরান্ত থেকে ভিড় করেন। দিনের আলোয় হঠাৎ নেমে আসা অদ্ভুত অন্ধকার দেখার প্রতীক্ষায় ছিলেন সবাই।

স্পেনের উত্তরাঞ্চলের কাস্তিয়া ও লেয়ন অঞ্চলের বুর্গোস শহরে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৪ মিনিটে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হয়। এর স্থায়িত্ব ছিল দুই মিনিটের কম, তবে আংশিক গ্রহণটি প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট স্থায়ী ছিল। রাশিয়ার দুর্গম আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড পেরিয়ে এই গ্রহণের ছায়া স্পেনে পৌঁছায়।

ইউরোপের মূল ভূখণ্ডের জন্য এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি ছিল একটি বিশেষ ঘটনা। ১৯৯৯ সালের পর এবারই প্রথম সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেল। আর স্পেনের মূল ভূখণ্ডে এক শতাব্দীরও বেশি সময় পর এমন গ্রহণের সাক্ষী হওয়ার সুযোগ আসায় দেশটিতে কয়েক দিন ধরে সাজ সাজ রব পড়ে যায়। দেশটির অর্থ মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী, এই গ্রহণকে কেন্দ্র করে অতিরিক্ত ৪ লাখ ৪৬ হাজার পর্যটক স্পেনে আসতে পারেন। এছাড়া গ্রহণ দেখতে মানুষের ভিড়ের কারণে গ্রামাঞ্চলের ছোট রাস্তাগুলোতেও যানবাহনের চাপ বেড়ে যায় এবং কর্মকর্তারা ১৫ লাখ অতিরিক্ত গাড়ির পূর্বাভাস দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র থেকে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে আসা ৫১ বছর বয়সী বিজ্ঞান শিক্ষক আনা কটস এই অভিজ্ঞতাকে দারুণ বলে বর্ণনা করেন। ফ্রান্সে বসবাসকারী পেরুর নাগরিক ইয়েনি গুয়েভারা থাকার জায়গা ঠিক না করেই বুর্গোস শহরে পৌঁছান এই বিরল মুহূর্তের সাক্ষী হতে। ব্রিটিশ সৌরপদার্থবিদ লুসি গ্রিন মায়োর্কা দ্বীপের কাছে নৌকা থেকে গ্রহণ দেখেছেন, যিনি সূর্যগ্রহণ দেখার অভিজ্ঞতাকে এতটাই আবেগময় বলে উল্লেখ করেন যে অনেকে এতে আসক্ত হয়ে পড়েন। তবে স্পেনের বিভিন্ন স্থানে গ্রহণ দেখার বিশেষ চশমার সংকটও দেখা দিয়েছে।

বিজ্ঞানীদের কাছেও এই গ্রহণটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণগ্রাসের সময় সূর্যের উজ্জ্বল পৃষ্ঠ চাঁদের আড়ালে চলে যাওয়ায় এর বাইরের বায়ুমণ্ডল বা করোনা স্পষ্টভাবে দেখা যায়, যা সৌরবায়ু ও সূর্যের চৌম্বকক্ষেত্র নিয়ে গবেষণার সুযোগ করে দেয়। উল্লেখ্য, ২০২৭ সালের আগস্টে স্পেনের দক্ষিণাঞ্চল ও উত্তর আফ্রিকার ওপর দিয়ে আরেকটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যাবে এবং ২০২৮ সালে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।