গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল দলীয় রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হত্যাসহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। বুধবার সকালে তাকে গাজীপুরের একটি আদালতে হাজির করা হয়। পরবর্তীতে বিকেলে আদালত থেকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রিজনভ্যানে তোলার সময় তিনি রাজনীতি ছাড়ার এই ঘোষণা দেন। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাজীপুর জেলা গারদখানা থেকে হাতকড়া পরা অবস্থায় পুলিশ মামুন মন্ডলকে প্রিজনভ্যানে তোলার জন্য নিয়ে যাচ্ছিল। এ সময় তিনি হঠাৎ দাঁড়িয়ে উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, 'আমি দেশবাসীর সকলের কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সকল পদপদবির থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনদিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই। সবাই দোয়া রাখবেন, আমার জন্য দোয়া করবেন।'
এর আগে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি ঢাকার উত্তরার রূপায়ণ এলাকা থেকে মামুন মন্ডলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর থেকেই তিনি গাজীপুর কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, মামুন মন্ডল ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তিনি ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের পরপর দুইবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ কমিটির সদস্য ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৪ জুলাই ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়েছিল, যা তার রাজনৈতিক অবস্থানকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে।