যুক্তরাষ্ট্রের মধ্য টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সালাডো গ্রামের দক্ষিণে একটি মাঠে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
মার্কিন সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এটি মার্কিন সেনাবাহিনীর অন্যতম বড় ঘাঁটি ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিল। বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে বড় ধরনের আগুন দেখতে পান। আগুনটি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বলেও তিনি উল্লেখ করেন।
প্রথম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন জানিয়েছেন, তাদের বর্তমান প্রধান অগ্রাধিকার হলো দুর্ঘটনাস্থল সুরক্ষিত রাখা এবং প্রাথমিক উদ্ধার কার্যক্রমে সহায়তা করা। বর্তমানে মার্কিন সেনাবাহিনী ঘটনার তদন্ত করছে এবং জরুরি উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
এএইচ-৬৪ অ্যাপাচি হলো দুই-ইঞ্জিন ও চার-ব্লেডযুক্ত একটি বহুমুখী আক্রমণকারী হেলিকপ্টার। এটি মূলত সশস্ত্র পর্যবেক্ষণ, সম্মুখ যুদ্ধ, ভ্রাম্যমাণ হামলা এবং উল্লম্ব কৌশলগত অভিযান পরিচালনার কাজে ব্যবহৃত হয়।