বাংলাদেশে গাড়ি চালানোর অনুমতি পেতে সম্প্রতি ড্রাইভিং টেস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। এই পরীক্ষার সূত্র ধরে দেশের সড়ক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা এবং সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণের চলমান আইনব্যবস্থা নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে জাইমা রহমান সড়ক নিরাপত্তা নিয়ে নিজের মতামত তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সড়ক নিরাপত্তা কেবল গাড়ি, ড্রাইভিং লাইসেন্স আর শাস্তির মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। মূলত প্রতিদিন যেসব মানুষ রাস্তায় চলাচল করেন, তাঁদের কেন্দ্র করেই সড়ক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা উচিত। তিনি বলেন, 'পরিবর্তন যদি আমরা সত্যিই চাই, তাহলে আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে।'

জাইমা রহমান তাঁর ফেসবুক পোস্টে লন্ডনে ড্রাইভিং টেস্ট দেওয়ার অভিজ্ঞতার পাশাপাশি বাংলাদেশে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি জানান, দেশে পরীক্ষা দিতে গিয়ে তিনি কেবল লাইসেন্স বা টেস্টের মধ্যেই নিজের চিন্তা সীমাবদ্ধ রাখেননি; বরং সড়ক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা এবং সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে এর সম্পর্ক নিয়ে গভীরভাবে ভেবেছেন।

পথচারী হিসেবে পর্যাপ্ত ক্রসিং ছাড়া দ্রুতগতির রাস্তা পার হওয়া, বেদখল হয়ে যাওয়া ফুটপাত দিয়ে হাঁটার কষ্ট এবং নিয়ম না মেনে চলা বাস, রিকশা, মোটরসাইকেল ও প্রাইভেট কারের ভিড়ের মধ্য দিয়ে যাতায়াতের নানা বিড়ম্বনার চিত্র ফুটে উঠেছে তাঁর লেখায়। একজন যাত্রী ও চালক হিসেবে সড়কে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, জাইমা তাঁর স্ট্যাটাসে সেই বাস্তবতারও বর্ণনা দিয়েছেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিদ্যমান নানা সমস্যা, অনিয়ম ও জটিলতা দূর করার ওপর জোর দিয়েছেন তিনি।