লেবাননের পার্লামেন্টে বহুল প্রতীক্ষিত সাধারণ ক্ষমা আইন পাস হয়েছে। বুধবার পার্লামেন্টের অধিবেশনে এই আইনটি অনুমোদিত হয়। এই আইন পাসের ফলে দেশটির কারাগারগুলোতে থাকা হাজার হাজার বন্দি এবং পলাতক ব্যক্তি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই আইনটি আনা হয়েছে। এর অন্যতম প্রধান লক্ষ্য হলো কারাগারের অতিরিক্ত ভিড় কমিয়ে আনা। বর্তমানে বহু বন্দি দীর্ঘ সময় ধরে বিচারের অপেক্ষায় কারাবন্দি অবস্থায় রয়েছেন।
দেশটির পার্লামেন্ট স্পিকারের কার্যালয় থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, সাধারণ ক্ষমা প্রদান এবং নির্দিষ্ট কিছু সাজার মেয়াদ ব্যতিক্রমীভাবে কমানোর লক্ষ্যে এই খসড়া আইনটি অনুমোদন করা হয়েছে। তবে এই আইনের আওতায় সুনির্দিষ্টভাবে কতজন উপকৃত হতে পারেন, সে বিষয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি।
লেবাননে সাধারণ ক্ষমার বিষয়টি নতুন করে আলোচনায় আসে ২০২৪ সালে সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদের পতনের পর। সিরিয়ার গৃহযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনেক লেবানিজ নাগরিক কারারুদ্ধ ছিলেন, যার ফলে এই বিষয়টি গুরুত্ব পায়।
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১০: ৫৩আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১০: ৫৮