হলিউড বর্তমানে এক দারুণ সময় পার করছে। চলতি বছরের গ্রীষ্মকালীন মৌসুমে মুক্তি পাওয়া বড় বাজেটের সিনেমাগুলো দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে বক্স অফিসে। চলতি গ্রীষ্মেই হলিউডের সিনেমার সম্মিলিত আয় ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ হাজার ৪৬৫ কোটি টাকা। বর্তমান এই ধারায় সিনেমার আয় খুব দ্রুত ৫০ হাজার কোটি টাকা অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এবারের বক্স অফিস সাফল্যের পেছনে সনি পিকচার্সের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমা দুটির অবদান সবচেয়ে বেশি। করোনার আগের বছরগুলোতে গ্রীষ্মকালীন বক্স অফিসে নিয়মিত এমন সাফল্য দেখা গেলেও সাম্প্রতিক সময়ে তা অনুপস্থিত ছিল। ফলে এবারের মৌসুমকে হলিউডের জন্য একটি বিশেষ সাফল্যের সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বক্স অফিসে সিনেমা দুটির আধিপত্য এখনো বজায় রয়েছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। একই সঙ্গে ইউনিভার্সাল পিকচার্সের ‘দ্য ওডিসি’ও শক্ত অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আগামী দিনগুলোতে এই দুটি সিনেমার আয় আরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।