তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেয়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এই ঘটনায় পাইলট অক্ষত রয়েছেন এবং তিনি নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তুরস্কের সংবাদমাধ্যম এনটিভির সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজে দুর্ঘটনাস্থল থেকে আগুনের গোলা এবং ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে প্রচুর সংখ্যক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।