প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের উচ্চপদস্থ বিভিন্ন ব্যক্তির নাম, পরিচয়, সিল, স্বাক্ষর এবং অফিসিয়াল লেটারহেড ব্যবহার করে জাল নথি তৈরির অভিযোগে গ্রেপ্তার ছয়জনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার (১২ আগস্ট) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন জানালে, শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তা মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন ফারুক হোসেন, সাকিব খান, মাসুম মুনসি, মীর তৌহিদুল ইসলাম, বকুল মন্ডল ও রফিকুল ইসলাম।
মামলার এজাহার অনুযায়ী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয় ব্যবহার করে পাঠানো একটি খামকে কেন্দ্র করে এই জালিয়াতির বিষয়টি পুলিশের নজরে আসে। ওই খামটি খোলার পর তাতে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, মুখ্য সচিব এবং মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের ব্যক্তির নাম ও স্বাক্ষরসংবলিত বেশ কিছু নথি পাওয়া যায়।
নথিপত্রগুলোর সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হলে তদন্তের জন্য তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে পাঠানো হয়। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ সময় ধরে সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিল ও স্বাক্ষর নকল করে ভুয়া কাগজপত্র তৈরি করে আসছিল। এসব জাল নথি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণার অভিযোগও উঠে এসেছে। এ ঘটনায় গত ৫ আগস্ট ডিবি পুলিশের উপপরিদর্শক রায়হানুর রহমান বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন। বর্তমানে পুলিশ এ ঘটনার তদন্ত করছে।