কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরে ভাসমান অবস্থায় পল্টু মিয়া (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কটিয়াদী পৌর এলাকার সদর ভোগপাড়া দাখিল মাদরাসা মসজিদসংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পল্টু মিয়া পাশের বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর এলাকার মৃত আসন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মসজিদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত ওই ব্যক্তি কখন এবং কীভাবে সেখানে এসেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুকুরপাড়ে একটি বাজারের ব্যাগে কিছু কাপড়চোপড় পাওয়া গেছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।