আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ২৩ মিনিটে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের দপ্তরে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল এবং একই ব্যক্তির নামে দুটি আবেদনই জমা দেওয়া হয়েছে। জমা দেওয়া মনোনয়নপত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠিকানা হিসেবে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ীর কথা উল্লেখ করা হয়েছে।
প্রার্থিতার এই মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে স্বাক্ষর করেছেন বিএনপির নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান। এছাড়া সমর্থক হিসেবে রয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তারা দুজনই বর্তমানে দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় নির্বাচিত হলে মির্জা ফখরুল বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে এবং এখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা রয়েছে।