কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এয়ার ফোর্স ওয়ানকে লক্ষ্যবস্তু করার হুমকির মুখে গত মাসে তুরস্ক থেকে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গোপনে ছোট একটি সরকারি বিমানে সরিয়ে নেওয়া হয়েছিল। সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৮ জুলাই তুরস্ক থেকে উড্ডয়নের আগে ট্রাম্প ও তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীকে একটি ক্যাটারিং ট্রাকের আড়ালে বড় নীল-সাদা প্রেসিডেন্টের বিমান থেকে সরিয়ে অপেক্ষাকৃত ছোট ও সাধারণ দেখতে সি-৩২এ বিমানে নেওয়া হয়। একই সময়ে এয়ার ফোর্স ওয়ান আলাদাভাবে উড্ডয়ন করে। ওই বিমানে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা, হোয়াইট হাউসের কর্মী এবং সফরসঙ্গী সাংবাদিকরা ছিলেন।

গোপন ফ্লাইটে ট্রাম্পের সঙ্গে থাকা সহযোগীদের মধ্যে ছিলেন তার নির্বাহী সহকারী ন্যাটালি হার্প, যিনি নিয়মিত ট্রাম্পের ভ্রমণের সঙ্গী হন। এছাড়াও হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ড্যান স্ক্যাভিনো এবং ওভাল অফিস অপারেশন্সের পরিচালক ওয়াল্ট নটা ওই ছোট বিমানের যাত্রী ছিলেন। সিএনএনের তথ্যমতে, সেদিন সি-৩২এ বিমানে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও ছিলেন।

তবে সম্ভাব্য হামলার হুমকি সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এয়ার ফোর্স ওয়ান বিমানে করেই তুরস্ক ত্যাগ করেন।