গণিত, কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস এবং হাই-পারফরম্যান্স কম্পিউটিং গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির (বিএএস) ফেলো নির্বাচিত হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মামুন মোল্লা। এর আগে ২০১৯ সালে তিনি একাডেমিটির অ্যাসোসিয়েট ফেলো নির্বাচিত হয়েছিলেন।
অধ্যাপক ড. মামুন মোল্লা ২০১১ সালের সেপ্টেম্বর মাসে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যোগদান করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের (এসইপিএস) রিসার্চ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধীনে কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস (সিএফডি) ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি) গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন।
তার গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে বাউন্ডারি-লেয়ার ও টার্বুলেন্ট ফ্লো, ডাইরেক্ট নিউমেরিক্যাল সিমুলেশন (ডিএনএস), লার্জ-এডি সিমুলেশন (এলইএস), হাইব্রিড আরএএনএস/এলইএস কৌশল এবং ন্যাচারাল ও মিক্সড কনভেকশন ফ্লো। এছাড়া তিনি জিপিইউ-ভিত্তিক কম্পিউটিং ব্যবহার করে ল্যাটিস বোল্টজম্যান পদ্ধতি, কম্পিউটেশনাল ব্লাড ফ্লো এবং এমপিআই, ওপেনএমপি ও জিপিইউ প্রযুক্তি ব্যবহার করে প্যারালাল কম্পিউটিং নিয়েও কাজ করছেন।
অধ্যাপক মামুন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি বুয়েটের গণিত বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে ওভারসিজ রিসার্চ স্কলারশিপ (ওআরএস) নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগোতে পিএইচডি শুরু করেন এবং ২০০৯ সালের জুলাইয়ে তা সম্পন্ন করেন। এরপর ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় পোস্টডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।
তার গবেষণাকর্ম গুগল স্কলারে প্রায় ৩ হাজার ৯০০ বার উদ্ধৃত হয়েছে। গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি ২০২১ ও ২০২৩ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় তার নাম উঠে এসেছে।
এই ফেলোশিপ প্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যাপক মামুন মোল্লা বলেন, এই স্বীকৃতিতে তিনি সম্মানিত বোধ করছেন এবং এটি তাকে ভবিষ্যতে গবেষণায় আরও আগ্রহী করবে। এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী তাকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি অধ্যাপক মামুন মোল্লার একাডেমিক জীবনের পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটির জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন।