রাজধানীর বাইরে গ্রাম ও মফস্বল এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলার পর এবার ঢাকার বিভিন্ন এলাকাতেও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা বেড়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর একাধিক এলাকায় বারবার বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ না থাকায় কোথাও ২০ মিনিট, আবার কোথাও এক ঘণ্টারও বেশি সময় অন্ধকারে থাকতে হয়েছে তাদের, যার ফলে তীব্র গরমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা এই লোডশেডিং নিয়ে তাদের ক্ষোভ ও দুর্ভোগের কথা তুলে ধরেছেন। মধ্যরাতে বিদ্যুৎ চলে যাওয়ায় ঘুমের ব্যাঘাতসহ নানা সমস্যার কথা জানিয়েছেন তারা। কেউ কেউ দীর্ঘদিন পর রাজধানীতে লোডশেডিংয়ের এমন অভিজ্ঞতায় বিস্ময় প্রকাশ করেছেন।

শেরেবাংলা নগর এলাকার এক বাসিন্দা জানান, রাতে প্রায় ২০ মিনিট বিদ্যুৎ ছিল না। এ বিষয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে তাদের জানানো হয়, বিদ্যুৎ ফিরতে আরও প্রায় ৩০ মিনিট সময় লাগতে পারে। রাজধানীর আরও কয়েকটি এলাকা থেকেও একই সময়ে বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রামপুরার বাসিন্দা রাসেল জানান, রাতে বিদ্যুৎ থাকলেও দিনের বেলায়ও তাদের ভোগান্তি পোহাতে হয়েছে। তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এ সময় তীব্র গরমে বাচ্চাদের নিয়ে চরম অসুবিধায় পড়তে হয়েছে বলে জানান তিনি।