মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের অধিকার ও মানবপাচারের বিরুদ্ধে সোচ্চার ব্রিটিশ মানবাধিকারকর্মী অ্যান্ডি হলকে দুটি পৃথক মানহানি মামলায় মোট ৫ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করেছেন জোহর বাহরু হাইকোর্ট। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার আদালত এই রায় ঘোষণা করেন।

মামলার শুনানিতে বিচারিক কমিশনার নোরাদুরা হামজা জানান, বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান 'এমবুন কারিসমা রিসোর্সেস'-এর পরিচালক আর. মুথুসামির দায়ের করা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়েছে। চার বছর আগে করা এই দুটি মামলার শুনানিতে বিবাদী অ্যান্ডি হল সশরীরে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করেননি।

রায়ের মৌখিক পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, আর. মুথুসামির বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছিল, যা তার সুনাম ক্ষুণ্ন করেছে। এই স্পর্শকাতরতা বিবেচনা করেই ক্ষতিপূরণের এই অঙ্ক নির্ধারণ করা হয়েছে। জরিমানার পাশাপাশি মামলার আইনি খরচ বাবদ অ্যান্ডি হলকে আরও ১ লাখ রিঙ্গিত পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের রায়ে অ্যান্ডি হলকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রকাশ থেকে বিরত থাকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের জাতীয় দৈনিকগুলোতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মুথুসামির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আদেশ জারি করা হয়েছে।

এদিকে বাদীর অভিযোগ, আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত ১৭ ফেব্রুয়ারি 'ফোকাস মালয়েশিয়া' নামক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অ্যান্ডি হল আবারও তার বিরুদ্ধে অসত্য ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন। মামলার নথিতে মুথুসামি দাবি করেন, হলের এসব চাঞ্চল্যকর ও অপপ্রচারমূলক বক্তব্যের কারণে একজন ব্যবসায়ী হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।