আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

জমা পড়া মনোনয়নপত্রের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দু'টি মনোনয়নপত্র রয়েছে। আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দুজন রয়েছেন।

অলি আহমদের দু'টি মনোনয়নপত্র জমার কারণ জানতে চাইলে ইসি সচিব বলেন, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে আইন অনুযায়ী, যাচাই-বাছাইয়ের সময় প্রথম মনোনয়নপত্রটি বৈধ বলে বিবেচিত হলে দ্বিতীয়টির আর প্রয়োজন পড়বে না।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। এই প্রক্রিয়ায় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা সহযোগিতা করবেন। এরপর ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।