নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব (২২) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালককে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভবভদ্রি গ্রামের চুল্লার বাড়ির পেছনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী রাকিব ওই একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।

ভুক্তভোগী অটোরিকশা চালক রাকিবের ভাষ্যমতে, রাতে তিনি চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে নিজের ভাড়াবাসায় ফিরছিলেন। পথিমধ্যে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় একদল অস্ত্রধারী তার অটোরিকশার গতিরোধ করে। অস্ত্রধারীরা তাকে পিস্তল ঠেকিয়ে অটোরিকশা থেকে নামিয়ে পার্শ্ববর্তী চুল্লার বাড়ির পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর ও নির্যাতন করা হয় এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

রাকিব অভিযোগ করেন, ওই এলাকায় তার গতিরোধ করা ব্যক্তিদের মধ্যে আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮) নামে চারজন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে।