বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জের একটি দ্বীপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক সফরের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই সফরকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুতিন কুরিল দ্বীপপুঞ্জের ইতুরুপ দ্বীপ পরিদর্শন করেছেন, যা জাপানে ‘এতোরোফু’ নামে পরিচিত। দীর্ঘ সময় ধরে কুরিল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ চলে আসছে। জাপান এই দ্বীপগুলোকে তাদের ‘উত্তরাঞ্চলীয় অঞ্চল’ বলে অভিহিত করে, যদিও বর্তমানে এলাকাটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, পুতিনের এই সফরের ফলে জাপানি জনগণের মধ্যে রাশিয়ার প্রতি নেতিবাচক মনোভাব আরও বৃদ্ধি পেয়েছে। তিনি দৃঢ়ভাবে দাবি করেন যে, দ্বীপগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী জাপানের নিজস্ব ভূখণ্ড।