লালমনিরহাটে মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করার জেরে কলেজশিক্ষক আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত রহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকার নয়াটোলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। গ্রেপ্তারকৃত রহিদুল ইসলাম আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, লালমনিরহাটে মাদক, জুয়া এবং বাল্যবিয়েসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু একটি সামাজিক আন্দোলন কমিটি গঠন করেন, যার নাম দেওয়া হয়েছে 'আলোকিত লালমনিরহাট'। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত এই কমিটির মূল কাঠামোতে বিভিন্ন ওয়ার্ড থেকে শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবেই লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম নিজ গ্রাম গন্ধমরুয়ায় মাদক ও জুয়ার কারবারিদের সতর্ক করে তাদের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন।