ভারতের উদীয়মান ক্রিকেট প্রতিভা বৈভব সূর্যবংশীর ভূয়সী প্রশংসা করেছেন দেশটির সাবেক তারকা স্পিনার হরভজন সিং। খুব অল্প বয়সেই বিশ্ব ক্রিকেটে নিজের দাপট প্রমাণ করা এই তরুণ ব্যাটারকে নিয়ে হরভজন মন্তব্য করেছেন, ১৪-১৫ বছর বয়সে এমন প্রতিভাবান খেলোয়াড় তিনি আগে কখনোই দেখেননি।
গত এক বছরে ব্যাট হাতে ক্রিকেট বিশ্বে সাড়া জাগিয়েছেন বৈভব। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পাশাপাশি জিম্বাবুয়ে সফরে ভারতীয় জাতীয় দলের হয়েও অর্ধশত রান করেছেন তিনি। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড এবং জাসপ্রীত বুমরাহর মতো বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে তার নির্ভীক ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্লেষকদের।
বৈভবকে আটকানোর কৌশল নিয়ে হরভজন সিং বলেন, এই তরুণ ব্যাটারের ক্ষেত্রে রক্ষণাত্মক বোলিং কোনো কাজে আসবে না। তার মতে, তাকে থামানোর একমাত্র পথ হলো আক্রমণাত্মক বোলিং করা। হরভজন বলেন, আমি সবসময় পরিকল্পনা অনুযায়ী ফিল্ডিং সাজাব। নিজেকে বাঁচানোর জন্য বোলিং করলে কাজ হবে না। হয়তো সে কিছু বল ছক্কা মারবে, কিন্তু একই আক্রমণাত্মক পরিকল্পনা বজায় রাখতে হবে।
হরভজনের মতে, বৈভব সূর্যবংশী একজন অসাধারণ খেলোয়াড় এবং তিনি ভবিষ্যতে দেশের তরুণ ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠবেন। বিশ্বের সেরা বোলাররা এখন তাকে বল করার সময় দ্বিধায় থাকছেন, যা এই বয়সের একজন ক্রিকেটারের জন্য বিরল।
শুধু হরভজন সিংই নন, অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ওপেনার ম্যাথু হেইডেনও বৈভবের প্রতিভায় মুগ্ধ। হেইডেনের মতে, বৈভবকে কেবল টি-টোয়েন্টি ক্রিকেটারের গণ্ডিতে আটকে রাখা ঠিক হবে না; লম্বা ফরম্যাটের ক্রিকেটেও সফল হওয়ার মতো সব গুণাবলি তার মধ্যে বিদ্যমান।