চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে, যাতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন শ্রমিক আহত হয়েছেন।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বিস্ফোরণে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শ্রমিকদের নাম ও পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

এদিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি নিজেও দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।