যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রথমবারের মতো একটি বহুজাতিক ও মাল্টি-ডোমেইন হামলাকারী ড্রোন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে। নতুন এই বিশেষায়িত ইউনিটের নামকরণ করা হয়েছে ‘টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক’।

সেন্টকমের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, এই টাস্কফোর্সটি সমুদ্রের উপরিভাগ, পানির নিচে এবং স্থলভিত্তিক বিভিন্ন পরিসরে একমুখী হামলাকারী ড্রোন মোতায়েন করবে। এই কার্যক্রমে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আঞ্চলিক অংশীদার দেশগুলোর সামরিক সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর প্রথম বিশেষায়িত একমুখী আক্রমণকারী ড্রোন স্কোয়াড্রন ‘টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক’ প্রতিষ্ঠার ঠিক নয় মাস পর এই নতুন উদ্যোগটির ঘোষণা এলো।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই উদ্যোগ সম্পর্কে বলেন, ‘আমাদের আঞ্চলিক মিত্র ও অংশীদারদের মধ্যে যে বিপুল উদ্ভাবন চলছে, তার পরিপ্রেক্ষিতে টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক স্করপিয়ন স্ট্রাইকের সাফল্যকে আরো প্রসারিত করবে।’ তিনি আরও যোগ করেন, নতুন এই সক্ষমতাগুলোকে সমন্বিতভাবে কাজে লাগানো ও মোতায়েনের মাধ্যমে সামনে যে নতুন সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৩: ৫৮আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৪: ০১