প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিসের মালামাল, গ্যাস সিলিন্ডার ও ট্রাঙ্ক চুরির অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আশরাফুল মামুনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রেক্ষিতে ১৩ আগস্ট রাতে ট্রাস্টের বর্তমান সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) রেজওয়ানা আক্তার জাহান বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পেনাল কোডের ৩৮১ ধারায় কর্মচারী কর্তৃক চুরির অভিযোগে মামলাটি রুজু করা হয়েছে।

অভিযুক্ত আশরাফুল মামুন পূর্বে ট্রাস্টের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) হিসেবে কর্মরত ছিলেন। গত ৬ আগস্ট তাকে সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে বদলি করা হলেও তিনি নতুন পদে যোগ না দিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অফিসের মালামাল সরিয়ে নেন।

তদন্ত সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে কয়েক দফায় মালামাল চুরির ঘটনা ঘটে। এর মধ্যে গত ২৫ জুলাই একটি কাভার্ড ভ্যানে করে ট্রাস্টের ৪টি গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়া হয়। এরপর ৮ আগস্ট শনিবার সকাল ৬টা ১৫ মিনিটে ট্রাস্টের অফিসিয়াল গাড়িতে (ঢাকা মেট্রো চ-১০-১৭০১) করে তিনি নিজের বর্তমান ঠিকানায় যান এবং দুপুর পৌনে ২টায় পুনরায় অফিসে ফিরে এসে বড় ৪টি বস্তা ও ব্যাগভর্তি মালামাল গাড়িতে তুলে নিয়ে যান। এছাড়া ১১ আগস্ট মঙ্গলবার বিকেলে চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাঙ্ক অফিসের করিডর থেকে ড্রাইভার শামীম মৃধার মাধ্যমে ময়মনসিংহে নিজের বাসায় পাঠিয়ে দেওয়ার বিষয়টি আনসার সদস্য মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ১৩ আগস্ট ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৭৬) করা হয়েছিল। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এরশাদ উল্লাহকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।