মানবতাবিরোধী অপরাধের মামলায় ঐতিহাসিক মোড়

সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিচার শুরুর নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বড় অগ্রগতি এলো। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তৎকালীন তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক–এর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার–এর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন শেষে প্রসিকিউশনের প্রারম্ভিক বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
এদিন অভিযোগ গঠনের শুনানিতে গ্রেফতারকৃত পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে, সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় তাকে অনুপস্থিত দেখিয়ে বিচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল।
শুনানিতে পলকের পক্ষে অব্যাহতির আবেদন উপস্থাপন করেন আইনজীবী লিটন আহমেদ। আর পলাতক জয়কে প্রতিনিধিত্ব করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।
আইন ও বিচার অঙ্গনে এই মামলাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এই বিচার প্রক্রিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে।