সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার, ১৫ আগস্ট ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয় অথবা স্থানীয় মসজিদগুলোতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল ১১টার দিকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তির শেষে ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।