আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করা হয়েছে। নতুন এই কভার ফটোতে মরহুম মাওলানার একটি বিশেষ উক্তি স্থান পেয়েছে—‘বিড়ালের মতো পাঁচশ বছর বাঁচতে চাই না, সিংহের মতো এক ঘণ্টা বাঁচতে চাই।’ এই বাণীর মাধ্যমে তাঁর জীবনদর্শন ও সাহসের বিষয়টি তুলে ধরা হয়েছে।

দলের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিও ক্লিপে আল্লামা সাঈদীকে বলতে শোনা যায় যে, আলিয়া ও কওমি—উভয় ধারার মাদ্রাসাই তাঁর কাছে দুই চোখের মতো প্রিয়। তিনি বলেন, ‘আমি চট্টগ্রামের সবচেয়ে বড় মাদ্রাসা পটিয়া ও হাটহাজারীতে সফর করি, যেখানেই যাই আলেমদের সঙ্গে দেখা করি। আমি মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.) হুজুরকে অজু করাইছি, তাঁর পা ধুয়ে দিয়েছি। খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমেদ সাহেবের খেদমত করেছি আমি, মক্কায় জ্বর হলে পা চেপে দিয়েছি। এতে আমি তো ছোট হয়ে যাইনি। আমরা আলেমদের সম্মান কেন করতে পারব না? কওমি মাদ্রাসাও আমার, আলিয়াও আমার।’

এছাড়া আদালতে দেওয়া একটি বক্তব্যের সূত্র টেনে জামায়াতে ইসলামীর পোস্টে উল্লেখ করা হয়, ‘কুরআনের বাণী প্রচারই যদি হয় আমার অপরাধ, তবে আমি হাজারবার ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আরও কিছু উদ্ধৃতি ভক্তরা শেয়ার করছেন। এর মধ্যে পবিত্র কুরআন নিয়ে তাঁর একটি মন্তব্য হলো—‘কাল কেয়ামতে কঠিন জবাবদিহি করতে হবে আমাদের। সেদিন কেউ রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। আসবে শুধুমাত্র কুরআন মাজিদ।’ দ্বীনের পথে নিজের দীর্ঘ পথচলা নিয়ে তিনি বলেছিলেন, ‘বিগত অর্ধ শতাব্দী ধরে আমি কুরআনের দাওয়াত বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি।’

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৬: ১৫আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৬: ১৫